শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ - ০১:২৯
ইরান-বাংলাদেশ সম্পর্ক জোরদার ও যৌথ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ইরান-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) ষষ্ঠ বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

হাওজা নিউজ এজেন্সি: নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে দুই নেতা বৈঠকে মিলিত হয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য দুই দেশের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেনীর স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ওই অনুষ্ঠানে স্পিকারের উপস্থিতি দুই দেশের মধ্যে সংহতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার বহিঃপ্রকাশ।

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিণতি নিয়েও আলোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো ধরনের শক্তি বা চাপের কাছে নতি স্বীকার করবে না। একই সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে সন্তোষ প্রকাশ করেন। তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সংকটের সময় বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অগ্রগতি এবং যৌথ সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়। এ সময় শিগগিরই ইরান-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) ষষ্ঠ বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha